বনকুমারীতে মহিলার হার ছিনতাই কাণ্ডে ধৃত ১, উদ্ধার ব্যবহৃত বাইক

প্রগতি ত্রিপুরা , ১৩ সেপ্টেম্বর, ২০২৬: রাজধানী আগরতলার বনকুমারী এলাকায় প্রকাশ্য দিবালোকে এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় মাত্র ছত্রিশ ঘণ্টার মধ্যে বড় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। শনিবার রাতে ভাটি অভয়নগর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে যুক্ত এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত বাইকটিও।

গত শুক্রবার সকালে বনকুমারীর অগ্রদূত ক্লাব সংলগ্ন এলাকায় দুই দুষ্কৃতী বাইকে এসে এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যায়। জনবহুল এলাকায় এই দুঃসাহসিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার পরেই তৎপর হয় পূর্ব আগরতলা থানা। বিভিন্ন সূত্র ও তথ্যের ভিত্তিতে নজরদারি চালিয়ে পুলিশ শনিবার রাতে বান্ধবীকে নিয়ে ঘোরাঘুরির সময় অভিযুক্তকে পাকড়াও করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির আসল বাড়ি খোয়াইয়ের চেবরি এলাকায় হলেও বর্তমানে সে বর্ডার গোলচক্কর এলাকায় ভাড়াবাসায় থাকে। রবিবার ধৃতকে আদালতে সোপর্দ করে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানিয়েছেন, এই ঘটনায় অন্য জেলার অপরাধীরাও যুক্ত রয়েছে এবং পলাতক অপর অভিযুক্তকে গ্রেফতারে তল্লাশি চলছে।

যদিও ছিনতাই হওয়া সোনার চেইন এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, তবে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সোনা কোথায় বিক্রি বা লুকানো হয়েছে তা বের করার চেষ্টা চলছে। পুলিশ মনে করছে, ধৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত এবং রাজধানীর সাম্প্রতিক অন্যান্য ছিনতাইয়ের ঘটনার সঙ্গেও এদের যোগ থাকতে পারে। এই গ্রেপ্তারের ফলে স্থানীয় স্বস্তি ফিরলেও, পলাতক অপর অভিযুক্ত ও সোনার চেইন উদ্ধারের দিকেই এখন মূল নজর তদন্তকারীদের।

Leave a Comment