প্রগতি ত্রিপুরা, ১১ সেপ্টেম্বর, ২০২৬: মীমাংসা বৈঠক চলাকালীন দুই বিচারকের মধ্যে মারামারির ঘটনায় এক বিচারক আরেক বিচারককে ছুরিকাঘাত করে এবং আক্রমণকারী বিচারককে দশ সেপ্টেম্বর বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঊনকোটি জেলার জেলা ও দায়রা জর্জ। ঘটনা ফটিকরায় থানা এলাকায়। এই ঘটনার ব্যাপারে ঊনকোটি জেলা আদালতের পাবলিক পসিকিউটর তথা এই মামলার সরকারি আইনজীবী সুনির্মিল দেব জানান যে, ২০২২সালের পাঁচ অক্টোবর ভোরবেলা ফটিকরায় থানার অন্তর্গত শান্তির বাজারে রাতভর এক অর্কেস্ট্রা অনুষ্ঠান দেখে পবীর দেববর্মা এবং ছানিয়া দেববর্মা একসাথে বাড়ি ফিরছিলো।
মাঝপথে তাদেরকে রাস্তায় আটকে মারধর করে রিপন দেববর্মা, খোকন দেববর্মা এবং ভয়েল দেববর্মা। পরবর্তী সময়ে পবির এবং ছানিয়া ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে প্রাথমিক চিকিৎসা করায় এবং সেদিনই সকাল দশটা নাগাদ শান্তির বাজারের বাজার শেডে এক মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। মীমাংসা বৈঠকে অন্যান্য বিচারকদের মধ্যে হাছুকরাই দেববর্মা এবং সুবেশ দেববর্মাও উপস্থিত ছিলেন। মীমাংসা বৈঠকের প্রায় শেষদিকে হঠাৎ মীমাংসা বৈঠক চলাকালীন হাছুকরাই দেববর্মা এবং সুবেশ দেববর্মার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়।
এমনকি হাছুকরাই দেববর্মা উত্তেজিত হয়ে সবার সামনেই সুবেশ দেববর্মার পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং সুবেশ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যায়। সাথে সাথেই সুবেশকে উদ্ধার করে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবার পর সুবেশকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে। অবস্থা সংকট জনক হওয়ায় পরবর্তী সময়ে জিবি হাসপাতালে রেফার করে দেয়। ঘটনার পরের দিন ছয় অক্টোবর সুবেশ দেববর্মার ভাই রবি চাঁদ দেববর্মা ফটিকরায় থানায় হাছুকরাই দেববর্মা, ভয়েল দেববর্মা, খোকন দেববর্মা এবং রিপন দেববর্মা এই চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে।
পুলিশ মামলাটি রেজিষ্ট্রি করে এবং পুলিশ এই মামলায় 323/326/307/34ipc এই ধারাগুলো প্রয়োগ করে। পরবর্তী সময়ে পুলিশ চারজনকেই গ্রেফতার করে। মামলার তদন্তকারী অফিসার বিপ্লব দেববর্মা ২০২২সালের একত্রিশ অক্টোবর আদালতে মামলার চার্জশিট জমা দিয়েছিলো। আদালতে মামলাটি চলাকালীন মোট ১২জন সাক্ষী প্রদান করে। দীর্ঘ চার বছর মামলাটি আদালতে চলার পর দশ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ঊনকোটি জেলার জেলা ও দায়রা জর্জ প্রকাশ কুমার এই মামলায় চারজনকেই দোষী সাব্যস্ত করে অভিযুক্ত হাছুকরাই দেববর্মাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে দুই মাসের জেল দেন। অন্যদিকে, রিপন দেববর্মা, ভয়েল দেববর্মা এবং খোকন দেববর্মাকে এক বছরের শর্তাধীন শাস্তি প্রদান করেন।







