প্রগতি ত্রিপুরা, ১১ সেপ্টেম্বর, ২০২৬: আসন্ন দুর্গোৎসবকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়। উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, ধর্মনগর মহকুমার মহকুমা শাসক দেবযানী চৌধুরী, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, মহকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর তনুজিৎ সাহা, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং ধর্মনগর মহকুমার বিভিন্ন ক্লাব ও পূজা কমিটির প্রতিনিধিগণ।
সভায় আলোচনায় অংশ নিয়ে বিধায়ক জহর চক্রবর্তী বলেন, দুর্গাপূজা সার্বজনীন ও সকলের উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যাতে মিলেমিশে, শান্তিপূর্ণভাবে এই উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। মানুষের নিরাপত্তা জনিত বিষয়গুলি বিবেচনায় রেখে পূজার প্যান্ডেল নির্মাণ ও অন্যান্য সাজসজ্জা করার উপর মহকুমা শাসক দেবযানী চৌধুরী গুরুত্ব আরোপ করেন। এ সম্পর্কে তিনি সরকারি নির্দেশিকা বিষয়ে সকলকে অবহিত করেন। মহকুমা শাসক জানান, প্রতিটি ক্লাব বা পূজা কমিটিকে পূজা করার জন্য মহকুমা প্রশাসন থেকে আগাম অনুমতি নিতে হবে।
এই অনুমতি পাবার জন্য আগামী ২২শে সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ থানায় আবেদন করতে হবে। সভায় জানানো হয় প্যান্ডেলের উচ্চতা ৪০ ফুট এর বেশি হতে পারবেনা। রাস্তার পাশে যারা পূজা করেন, সেক্ষেত্রে ব্ল্যাক টপ রোডের উপর যাতে পূজা প্যান্ডেল নির্মাণ না করা হয় তার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া প্যান্ডেলে নিরাপত্তা জনিত বিভিন্ন বিষয় যেমন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অগ্নি নির্বাপক ব্যবস্থা, ফার্স্ট এইড বক্স, সিনিয়র সিটিজেনদের বসার জায়গা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ইত্যাদি ব্যবস্থা রাখার জন্য ক্লাব ও পূজা কমিটিগুলিকে বলা হয়েছে।







