ভয়াবহ দুর্ঘটনা মলয়নগর রবিপাড়ায়: বরাতজোরে রক্ষা স্কুটি চালকের, পলাতক লরি চালক

প্রগতি ত্রিপুরা, ৯ সেপ্টেম্বর, ২০২৬: ময়নগর রবিপাড়া এলাকায় আজ এক মর্মান্তিক ও ভয়াবহ পথ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এক স্কুটি চালক। বেপরোয়া লরির তাণ্ডবে মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা। এই দুর্ঘটনায় একটি স্কুটি এবং একটি পালসার বাইক সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ৩৮ বছর বয়সি অভিদাস নামক এক ব্যক্তি স্কুটি চালিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন লরি সজোরে ধাক্কা মারে তাঁর স্কুটিতে। লরির ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে যায় রাস্তা পাশে থাকা একটি পালসার বাইকটিও। ঘটনাস্থলেই ছিটকে পড়ে গুরুতর জখম হন স্কুটি চালক অভিদাস।

দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ও পথচলতি মানুষেরা সাহসিকতার পরিচয় দিয়ে রক্তাক্ত অবস্থায় ওই চালককে উদ্ধার করেন। পরবর্তীতে একটি অটোযোগে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য জিবি (Govind Ballabh Pant) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

এদিকে, এই ভয়াবহ দুর্ঘটনার পরই এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর মুহূর্তেই লরির চালক ও তার সহকর্মীরা গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীিনগর থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ ঘাতক লরিটিকে আটক করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত লরিটির নম্বর TR01X 1741, ক্ষতিগ্রস্ত স্কুটির নম্বর TR03K 8077 এবং অপর গাড়িটির নম্বর TR01B 9659। বেপরোয়া গতির লরি চালকের এই খামখেয়ালীপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

Leave a Comment

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ৪০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে