কল্যাণপুরে উৎসবের মেজাজে এনডিএ জোটের মনোনয়ন দাখিল: বিপুল জয়ের ব্যাপারে আশাবাদী বিধায়ক

প্রগতি ত্রিপুরা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবের চেহারা নিল কল্যাণপুর আরডি ব্লক চত্বর। এদিন কর্মী-সমর্থকদের বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং এক বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে নিজেদের মনোনয়ন পত্র জমা দিলেন এনডিএ জোটের (বিজেপি এবং তিপ্রা মথা) প্রার্থীরা। দলীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শেষ দিনে গোটা এলাকার রাজনৈতিক পরিবেশ কার্যত সরগরম হয়ে ওঠে।

এদিনের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, উভয় দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ও বোঝাপড়া মেনেই এই জোট গঠিত হয়েছে। আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএ জোটের প্রার্থীরা বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করবেন বলে তিনি দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করেন।

পাশাপাশি, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং প্রকৃত উন্নয়নের স্বার্থে বিরোধী দলগুলির প্রার্থী দেওয়ার বিষয়টিকেও তিনি সাধুবাদ জানিয়েছেন। বিধায়কের মতে, সুস্থ নির্বাচনী লড়াইয়ের মধ্য দিয়েই গণতন্ত্রের প্রকৃত বিকাশ ঘটে।

এদিনের এই জমজমাট কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি নিতাই বল, বিজেপি নেতৃত্ব সৌমেন গ্রুপ। অন্যদিকে, তিপ্রা মথা দলের পক্ষে উপস্থিত ছিলেন গৌরব দেববর্মা, মনিহার দেববর্মা সহ উভয় দলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। সব মিলিয়ে ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে কল্যাণপুরে জোট শিবিরের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।

Leave a Comment