প্রগতি ত্রিপুরা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬: রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) এবং আসন্ন অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । তিনি জানান যে সরকারের সদিচ্ছা থাকলেও রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির কারণেই বকেয়া ডিএ মেটাতে বিলম্ব হচ্ছে। তবে এই সমস্যা সমাধানের জন্য সরকার চিন্তাভাবনা করেছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিস্তারিত জানান, রাজ্য সরকার ইতিমধ্যে কর্মচারীদের ৩৯ শতাংশ ডিএ প্রদান করেছে, যা প্রশাসনের সদিচ্ছার প্রমাণ বহন করে। তবে এখনও ১৯ শতাংশ ডিএ বকেয়া রয়েছে বলে তিনি স্বীকার করে নেন। তিনি স্পষ্ট করেন যে, সরকারের এই বকেয়া মেটানোর সম্পূর্ণ ইচ্ছে থাকলেও মূলত অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণেই তা আপাতত থমকে আছে।
অষ্টম বেতন কমিশন বা পে কমিশন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে এই প্রক্রিয়া শুরু হলেও বেশিরভাগ রাজ্যই কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে। কেন্দ্রীয় সরকার কীভাবে এটি কার্যকর করে, তা দেখেই অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যও একই পথে হাঁটবে। রাজ্যে এই কমিশন গঠনের জন্য একটি সুনির্দিষ্ট কমিটি তৈরি করা হবে, যা কিছুটা সময়সাপেক্ষ। এই কমিটির জন্য একজন উপযুক্ত ও অভিজ্ঞ চেয়ারম্যান নিয়োগ করা অত্যন্ত জরুরি, নতুবা পরবর্তীতে জটিলতা দেখা দিতে পারে। মুখ্যমন্ত্রী স্বয়ং এই চেয়ারম্যান বাছাইয়ের দায়িত্ব নিয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।
বকেয়া ১৯ শতাংশ ডিএ এবং ফিটমেন্ট সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি এই নতুন পে কমিশনের কাছেই উত্থাপন করা হবে। মন্ত্রী কর্মচারীদের আশ্বস্ত করে বলেন যে, এখনই একসঙ্গে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া সম্ভব না হলেও, আগামী দিনে পে কমিশনের মাধ্যমে এই সমস্যার একটি সুরাহা অবশ্যই হবে। এর পাশাপাশি রাজ্যের আর্থিক অবস্থার সার্বিক রিপোর্টও কমিশনের কাছে জমা দেওয়া হবে বলে তিনি জানান।








