প্রগতি ত্রিপুরা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬: টমটমে ভ্রমণকালে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে তিন যুবককে আটক করল খোয়াই মহিলা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র খোয়াই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন রামচন্দ্রঘাট এলাকা থেকে একটি টমটমে উঠে খোয়াই শহরের দিকে আসছিলেন অভিযোগকারী তরুণী। অভিযোগ, পথিমধ্যে গাড়িতে থাকা বিপ্লব দাস, সুমন শুক্ল বৈদ্য এবং প্রণয় দাস নামের তিন যুবক ওই তরুণীর সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানি করেন।
ঘটনার পরপরই নির্যাতিতা তরুণী সোজা খোয়াই মহিলা থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ ২৩/২০২৬ নম্বরে একটি নির্দিষ্ট মামলা রুজু করে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭৪, ৭৫(১) ও ৩(৫) ধারায় মামলা দায়ের করে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককেই আটক করে পুলিশ।
ঘটনার বিশদ বিবরণ দিয়ে খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা সাংবাদিকদের জানান, ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং পুলিশি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।








