ভূমিপূজন অনুষ্ঠানে অনুষ্ঠানে বিধায়ক অভিষেক

প্রগতি ত্রিপুরা, ০৩ সেপ্টেম্বর, ২০২৬: : মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উত্তর কালাবন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। সিমসিমা, কলাবন হয়ে আশ্রম টিলা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটিকে পাকা রাস্তায় রূপান্তরের কাজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা এই রাস্তাটির সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে কয়েক মাস আগে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে রাস্তাটি পরিদর্শন করেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়।

পরবর্তীতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ৭৯ লক্ষ ১৫ হাজার ৬৭৫ টাকা ব্যয়ে রাস্তাটিকে পাকা রাস্তায় রূপান্তরের অনুমোদন দেওয়া হয়। রাস্তার নির্মাণ কাজ শুরুর আগে ধর্মীয় রীতি-নীতি মেনে ভূমি পূজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উত্তর কালাবন গ্রাম পঞ্চায়েত ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক অভিষেক দেবরায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, পূর্ত দপ্তরের আধিকারিক প্রণব দাস সহ এলাকার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাস্তাঘাট, পরিকাঠামো এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হলে উত্তর কালাবন ও পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাস্তা পাকা হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা পরিষেবা গ্রহণ এবং দৈনন্দিন যাতায়াতে সাধারণ মানুষ বিশেষ সুবিধা পাবেন। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির আবহ দেখা দিয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে উত্তর কালাবন ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে।

Leave a Comment