টমটম ও মারুতির মুখোমুখি সংঘর্ষ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৩ যাত্রী

প্রগতি ত্রিপুরা, ৩১আগস্ট, ২০২৬: রাজধানী আগরতলায় ফের সড়ক দুর্ঘটনার বলি সাধারণ পথচারী ও যাত্রী। সোমবার সকালে পশ্চিম আগরতলা থানাধীন ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে বর্ডার গোল চক্করগামী সড়কের আগন্তুক ক্লাব সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, একটি যাত্রীবাহী টমটম ও দ্রুতগতির মারুতি সুজুকি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছেন টমটমের তিন যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বর্ডার গোল চক্করের দিক থেকে যাত্রী নিয়ে একটি টমটম আগন্তুক ক্লাবের সামনের রাস্তা দিয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে একটি মারুতি সুজুকি গাড়ি চলে আসে। প্রতক্ষ্যদর্শীদের দাবি, চারচাকার গাড়িটি একজন মহিলা চালকের নিয়ন্ত্রণে ছিল এবং সেটির গতিসীমা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজাসুজি সামনের দিকে থাকা টমটমটিতে সজোরে ধাক্কা মারে।

সংঘর্ষের তীব্রতায় টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন যাত্রী মারাত্মক আঘাত পান। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারাই প্রাথমিক তৎপরতায় রক্তাত অবস্থায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। দুর্ঘটনার কবলে পড়া টমটম এবং মারুতি সুজুকি গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অতিরিক্ত গতির কারণেই এই অঘটন কি না, তা খতিয়ে দেখতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, সকালে ব্যস্ত সময়ে এই দুর্ঘটনার ফলে ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে বর্ডার গোল চক্কর সংলগ্ন রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Comment