প্রগতি ত্রিপুরা, ২৯ আগস্ট, ২০২৬: আগরতলা শহরজুড়ে সমন্বিত উন্নয়ন কাজের গতি আরও জোরদার করা হচ্ছে। রাজ্য সরকার, পুর নিগম, পূর্ত দপ্তর এবং জল বোর্ডের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা নিকাশি ও জলজট সমস্যার স্থায়ী সমাধানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
সম্প্রতি আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের টাউন প্রতাপগড় ৩ নম্বর রোডের কানাই সাহার গলিতে ড্রেন নির্মাণের কাজ সরেজমিনে পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার ও আধিকারিকদের সাথে প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করেন। এসময় স্থানীয় বাসিন্দারা মেয়রের কাছে এলাকা ড্রেন সংক্রান্ত বিভিন্ন পুরোনো সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। মেয়র মন দিয়ে তাঁদের কথা শেনেন এবং দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস দেন।
অন্যদিকে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক এলাকা পরিদর্শনের পর অধিবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ৩ নম্বর রোডসহ আশেপাশের এলাকায় ড্রেন কভারিং (Covered Drain)-এর কাজ জোরকদমে চলছে।
আজ উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে এক প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানান, বর্ষার সময় এলাকায় জল জমে থাকাটা অত্যন্ত বড় সমস্যা ছিল। ড্রেন কভারিং-এর কাজের সময় যাতে পানীয় জলের পাইপলাইন বা গ্যাসের লাইন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে আধিকারিকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শুধু নির্দিষ্ট একটি বিধানসভা কেন্দ্র নয়, রাম নগর থেকে শুরু করে বরদোয়ালির প্রতিটি অংশেই ব্যাপক পরিকাঠামোগত কাজ চলছে। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজের গুণমান বজায় রেখে দ্রুত ড্রেন নির্মাণের কাজ শেষ করতে সকল সংস্থাকে নির্দেশ দেওয়ার পাশাপাশি স্থানীয় অধিবাসীদেরও পূর্ণ সহযোগিতা কামনা করা হয়েছে।








