সড়ক দুর্ঘটনায় কবি-শিক্ষক প্রীতম ভট্টাচার্যের প্রয়াণ: উদয়পুরে শোকের ছায়া, পরিবারের পাশে অর্থমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ২৯ আগস্ট, ২০২৬: গত ২৬ আগস্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উদয়পুর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট কবি, লেখক তথা প্রকাশক প্রীতম ভট্টাচার্য। আগরতলার একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার তাঁর জীবনাবসান হয়। তাঁর এই আকস্মিক ও অকাল প্রয়াণে সমগ্র উদয়পুর জুড়ে এক গভীর শোকের আবহ তৈরি হয়েছে।

ত্রিপুরা বিধানসভার অধিবেশন চলায়, শনিবার উদয়পুরের জগন্নাথ চৌমুহনী স্থিত প্রয়াত প্রীতম ভট্টাচার্যের বাসভবনে যান রাজ্যের অর্থমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক প্রণজিৎ সিংহ রায়। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় অর্থমন্ত্রী ঘটনাস্থলেই গোমতী জেলার পুলিশ সুপার অনির্বাণ দাসের সাথে দূরভাষে যোগাযোগ করেন। দুর্ঘটনার জন্য দায়ী বাইকের মালিক ও চালকের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আবেগঘন কণ্ঠে বলেন, “মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু কিছু বিয়োগের বেদনা ভাষায় প্রকাশ করা যায় না। প্রীতম ভট্টাচার্যের মতো একজন গুণী শিক্ষক, সৃজনশীল সাহিত্যিক ও প্রকাশকের চলে যাওয়া সমাজ ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।” তিনি আরও বলেন, এই কঠিন সময়ে প্রশাসন ও তিনি ব্যক্তিগতভাবে পরিবারের পাশে রয়েছেন এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীদেরও পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

পরশেষে অর্থমন্ত্রী সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রয়াত প্রীতম ভট্টাচার্যের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি প্রদানের জন্য প্রার্থনা জানান। শিক্ষাঙ্গন থেকে সাহিত্যজগত—সর্বত্রই এখন প্রীতম ভট্টাচার্যের বিয়োগে গভীর শোকের ছায়া।

Leave a Comment