বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন নাগরিকরা!

প্রগতি ত্রিপুরা, ২৯ আগস্ট, ২০২৬: জম্পুইজলা মহকুমার একেবারে শেষ প্রান্ত উজান পাথালিয়া ঘাট এলাকার বেহাল রাস্তার কারণে ক্ষুব্ধ এলাকাবাসী থেকে শুরু করে যানবাহন চালকরা। দীর্ঘ প্রায় তিন বছর ধরে তাদের এলাকার রাস্তাটি বেহাল হয়ে রয়েছে। বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার ১১ নম্বর টি এসআর ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টারের সামনে জাতীয় সড়ক থেকে রাস্তাটি একেবারে পাথালিয়া ঘাট, উজান পাথালিয়া ঘাট হয়ে গুনিরাইবাড়ি পর্যন্ত গিয়েছে। রাস্তাটিতে বড় বড় গর্ত হয়ে রয়েছে।

গর্তের মধ্যে বৃষ্টির জল জমে রাস্তা পুকুরের আকার ধারণ করেছে। বাইক বাইসাইকেল থেকে শুরু করে ছোট বড় যানবাহন চলাচল করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই বেহাল রাস্তায় চলাচল করতে গিয়ে ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটেছে। বহু মানুষ আহত হয়েছে। বহু পথচারী পায়ে ব্যথা পেয়েছে কোমরে ব্যথা পেয়েছে।।পথচারীরাও এই বেহাল রাস্তা দিয়ে হেঁটে বাজার হাট এবং স্কুল কলেজে যেতে পারছে না। বর্ষার সময় জুতো হাতে নিয়ে এই এলাকার ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজে যেতে হয়।

কৃষকরা তাদের উৎপাদিত ফসল বেহাল রাস্তার কারণে বিশ্রামগঞ্জ বাজারে নিয়ে যেতে পারছে না। এক সপ্তাহ পর পর অটোচালকদের গাড়ি মেনটেনেন্স করতে হয় এই বেহাল রাস্তার কারণে এমনটাই জানিয়েছে তারা। এলাকাবাসী বিষয়টি জম্পুইজলা ব্লক প্রশাসন এবং টাকার জলা পি ডব্লিউ ডি অফিসে জানিয়েছে। কিন্তু কোন কাজ হচ্ছে না বলে তাদের অভিযোগ। এলাকার নতুন এমডিসি বুদ্ধকুমার দেববর্মা ও ভোটের পর আর এই এলাকায় আসছেন না। যার ফলে এলাকার মানুষ তাদের সমস্যার কথা নতুন এমডিসিকে জানাতে পারছেন না।

সমতল এলাকায় রাস্তা ঘাটের উন্নয়ন হলেও পাহাড়ি এলাকায় তেমনভাবে রাস্তাঘাটের উন্নয়ন হয়নি বলে অভিযোগ। যার ফলে পাহাড়িরা ভীষণভাবে ক্ষুব্ধ। উজান পাথালিয়া ঘাট এলাকার বেহাল রাস্তা নিয়ে সম্পূর্ণ বে- খবর এডিসি প্রশাসন ও। বেশ কয়েকজন অটো চালক সংবাদ মাধ্যমে রাজ্য সরকার এবং এডিসি প্রশাসনের উদ্দেশ্যে আবেদন করেছেন যাতে করে উজান পাথালিয়া ঘাট এলাকার বেহাল রাস্তা সংস্কারে অতি দ্রুত হাত দেয় প্রশাসন। কারণ সামনেই ভিলেজ কমিটির নির্বাচন।

ভিলেজ কমিটির নির্বাচনে নেতারা ভোট চাইতে এলে এই এলাকার মানুষ আগে দাবি করবে তাদের বেহাল রাস্তা সংস্কারের জন্য এমনটাই জানিয়েছে এই এলাকার বেশ কয়েকজন বয়স্ক নাগরিক। যদিও তারা সংবাদ মাধ্যমের সামনে আসতে ভয় পাচ্ছে। তারা অফ ক্যামেরায় সংবাদ প্রতিনিধিকে বলেছে এই বিষয়টি।

Leave a Comment