প্রগতি ত্রিপুরা, ২৮ আগস্ট, ২০২৬: লিচুবাগান এলাকার বিএসএনএল অফিসে চাঞ্চল্যকর চুরির ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই মূল রহস্য উদ্ঘাটন করল এনসিসি থানার পুলিশ। গত ২৬ আগস্ট ভোরে লিচুবাগানস্থিত বিএসএনএল দপ্তর থেকে বিপুল পরিমাণের তামার কেবল ও সিসিটিভি ক্যামেরা গায়েব হয়ে যায়। সেই ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মাথায় চুরির কিনারা করে ২ জনকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরিতে ব্যবহৃত যানবাহন ও চোরাই সামগ্রী।
ঘটনার বিবরণ দিয়ে এনসিসি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (ওসি) পরিতোষ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরেই এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। তদন্তকারীরা পুরো এলাকার নজরদারি ক্যামেরার ফুটেজ গভীরভাবে খতিয়ে দেখতে শুরু করেন। ফুটেজে দেখা যায়, চোরের দল প্রথমে একটি মোটরসাইকেলে যার নম্বর TR01AT8735 চেপে বিএসএনএল প্রাঙ্গণে ঢোকে এবং এলাকা পর্যবেক্ষণ করে। পরবর্তীতে চুরি করা ভারী কেবল ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নিয়ে যেতে একটি টাটা এইচ মিনি ট্রাক যার নম্বর (TR01AE1510) ব্যবহার করা হয়।
গাড়ি ও বাইকের গতিপথ ধরে বৃহস্পতিবার মধ্যরাতে এডি নগর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই পাকড়াও করা হয় মূল অভিযুক্তকে। তাকে টানা জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় চোরাই মালামাল কেনাবেচায় যুক্ত দ্বিতীয় ব্যক্তির নাম। কাল বিলম্ব না করে পুলিশ দ্বিতীয় অভিযুক্তকেও নিজেদের জালে তোলে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে স্পষ্ট যে এই কাণ্ডে আরও একাধিক দুষ্কৃতী সক্রিয়ভাবে জড়িত ছিল। ধৃত দুই অভিযুক্তকে শুক্রবার আদালতে তুলে নিজেদের হেফাজতে (পুলিশ রিমান্ড) চেয়ে আবেদন জানানো হয়েছে। মূল চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং এই চক্রের সঙ্গে অন্য কোনো চুরির যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।








