আগরতলা রেল স্টেশনে গাঁজাসহ ধৃত এক যুবক, বাজেয়াপ্ত ২ লক্ষ টাকার মাদক

প্রগতি ত্রিপুরা, ২৭ আগস্ট, ২০২৬: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আগরতলা জিআরপি থানা। বৃহস্পতিবার সকালে আগরতলা রেল স্টেশন চত্বরে অভিযান চালিয়ে আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক যুবককে।
জিআরপি থানা সূত্রে জানা গিয়েছে, ২৭ আগস্ট সকালে আগরতলা জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মঙ্গল দেববর্মা ও তাঁর সঙ্গীয় পুলিশ কর্মীরা স্টেশন চত্বরে নিয়মিত চেকিং চালাচ্ছিলেন। সেই সময় সোনামুড়ার বাসিন্দা এক যুবককে ট্রলি ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় পুলিশ আধিকারিকরা তাঁকে সাথে সাথেই আটক করেন।
পরবর্তীতে ওই যুবকের সাথে থাকা ট্রলি ব্যাগটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিক।
ঘটনায় পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে বাজেয়াপ্ত গাঁজাসহ অভিযুক্ত যুবককে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে এই পাচার চক্রের পেছনে আর কারা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে ঘটনার পেছনে থাকা মূল চক্রীদের শনাক্ত করতে তল্লাশি ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে পুলিশ।

Leave a Comment