প্রগতি ত্রিপুরা, ২৭ আগস্ট, ২০২৬: বনমালীপুর এলাকার বাসিন্দা সুবল কুমার দেবের বাড়ি থেকে চুরি যাওয়া আনুমানিক ৫.৫ লক্ষ টাকা মূল্যের সোনার চেইন উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, বনমালীপুরের বাসিন্দা সুবল কুমার দেবের ছেলে অরিন্দম দেবের ঘর থেকে সম্প্রতি সোনার চেইনটি চুরি হয়ে যায়। এই ঘটনায় অভিযোগ পাওয়ার পর পরই তদন্তে নামে পুলিশ। মহিলা পুলিশ অফিসার কমলা রানি মোরাসিংয়ের নেতৃত্বে তদন্তকারী দল গৃহপরিচারিকাদের জিজ্ঞাসাবাদ করে এবং এক পরিচারিকার বাড়িতে অভিযান চালায়। অভিযানের পর সফলভাবে খোয়া যাওয়া বহুমূল্য চেইনটি উদ্ধার করা সম্ভব হয়।
অন্য এক অভিযানে পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে ৫০ হাজার টাকারও বেশি মূল্যের একটি ইলেকট্রিক বাইসাইকেল এবং একটি দামী সাইকেল উদ্ধার করেছে। এই চুরি চক্রের সাথে জড়িত চোরকেও বনমালীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আধিকারিক জানান, উদ্ধার হওয়া বাইসাইকেলগুলির পাশাপাশি আরও ৩-৪টি চুরি যাওয়া সাইকেল উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনার নেপথ্যে কোনো বড় চোর চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত ও অভিযুক্তদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।








