প্রগতি ত্রিপুরা, ২৫ আগস্ট, ২০২৬: রাজ্যের বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং একের পর এক জনস্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়ে রাজপথে নামলো ভারতের ছাত্র ফেডারেশন। মঙ্গলবার কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে মহকুমা শাসক শান্তিময় দেববর্মার নিকট মোট পাঁচ দফা দাবিতে এক স্মারকলিপি প্রদান করা হয়।
ডেপুটেশন পর্ব শেষে কৈলাসহর শহরের প্রধান সড়কগুলোতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্র নেতা সাগর ভট্টাচার্য, সাহাব উদ্দিন, সাগরদ্বীপ মালাকার, অঙ্কিতা মালাকার সহ অন্যান্য ছাত্র নেতৃত্বরা। ডেপুটেশন প্রদান শেষে ছাত্র নেতা সাগর ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁদের মূল দাবিগুলো তুলে ধরেন।
রাজ্যের স্কুলগুলোতে অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ করে সমস্ত শূন্য পদ দ্রুত পূরণ করতে হবে। শিক্ষাব্যবস্থার বেসরকারীকরণ অবিলম্বে বন্ধ করে সর্বস্তরে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে হবে।শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রীদের সার্বিক নিরাপত্তা এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে।
কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত হীরাছড়া এলাকায় ১০ম শ্রেণির ছাত্রী জুবেদা হত্যার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। লাগামহীন লোডশেডিং ও বিদ্যুৎ দপ্তরের চরম অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীদের পঠনপাঠনে যে ব্যাঘাত ঘটছে, তা দ্রুত স্থায়ীভাবে সমাধান করতে হবে।
কর্মসূচি থেকে হীরাছড়ার ছাত্রী জুবেদা হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ছাত্র নেতারা। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে যদি এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তার না করা হয়, তবে আগামী দিনে কৈলাসহর জুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।








