কৈলাসহরে এডিবি প্রকল্পে চরম অনিয়মের অভিযোগ: ক্ষোভ উগরে নিম্নমানের ড্রেন নির্মাণ কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

প্রগতি ত্রিপুরা, ২৩ আগস্ট, ২০২৬: বিশেষ সংবাদদাতা, কৈলাসহর: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ADB) কোটি কোটি টাকার অর্থায়নে পরিচালিত নর্দমা নির্মাণ প্রকল্পে চরম দুর্নীতি ও গাফিলতির অভিযোগ। কাজের অত্যন্ত নিম্নমান ও অনিয়মের প্রতিবাদ জানিয়ে রবিবার কৈলাসহর পুর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের থানা সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখিয়ে কাজ পুরোপুরি বন্ধ করে দিলেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।

এলাকাবাসীদের মূল অভিযোগ, নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে শুরু হওয়া এই উন্নয়নমূলক কাজের গতি যেমন মন্থর, তেমনই এতে মানা হচ্ছে না কোনো ন্যূনতম গুণমান। রাস্তার দু’পাশে অপরিকল্পিতভাবে মাটি ও নির্মাণসামগ্রী যত্রতত্র ফেলে রাখার ফলে পুরো এলাকায় নিত্যদিন তৈরি হচ্ছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারীরা। শুধু তা-ই নয়, নকশা অমান্য করে বহু জায়গায় ইচ্ছামতো আঁকাবাঁকা ড্রেন তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাকে বারবার বিষয়টি জানানো সত্ত্বেও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙে সাধারণ মানুষের।

ক্ষুব্ধ স্থানীয়দের স্পষ্ট দাবি, নির্মাণকাজের সঠিক গুণমান বজায় রেখে এবং সমস্ত অনিয়মের উচ্চপর্যায়ের তদন্ত সাপেক্ষেই পুনরায় কাজ শুরু করতে হবে। উল্লেখ্য, এই ড্রেন নির্মাণের দুর্নীতির বিষয়ে সরব হয়ে সম্প্রতি নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সমাজসেবী সমীর পুরকায়স্থ। তবে কাজের মান ও স্থানীয়দের ক্ষোভ নিয়ে সংশ্লিষ্ট দপ্তর বা ঠিকাদারী সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী