প্রগতি ত্রিপুরা, ২১ আগস্ট, ২০২৬: শুক্রবার ধর্মনগরে লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর ব্রাঞ্চের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংস্থার আসন্ন ১০ম দ্বিবার্ষিক এবং ২৫তম বিশেষ সম্মেলনকে সফল করে তোলার লক্ষে এই প্রেস মিটের আয়োজন করা হয়।জানা গেছে, আগামী ২২ এবং ২৩ আগস্ট দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বিস্তারিত তথ্য তুলে ধরেন লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (লিয়াফি)-র কার্যনির্বাহী সদস্য নিলম্বর সিংহ এবং ধর্মনগর ব্রাঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য তথা আসন্ন সম্মেলনের কনভেনর পান্নালাল সাহা। এছাড়া উপস্থিত ছিলেন শিলচর ডিভিশন কাউন্সিল ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সজল চন্দ্র দাস এবং ধর্মনগর ব্রাঞ্চের যুগ্ম সম্পাদক সত্যব্রত নম সহ অন্যান্য বিশিষ্ট কর্মকর্তাগণ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর ব্রাঞ্চ সুদীর্ঘ সময় ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রতি দুই বছর অন্তর অন্তর সংগঠনের সমস্ত এজেন্ট বন্ধুদের নিয়ে এই দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। মূলত বীমা শিল্পের সঙ্গে যুক্ত পেশাদার এজেন্টদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা, তাদের মধ্যে পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে সমাজের পাশে দাঁড়ানোই এই অ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্য।
সর্বভারতীয় ফেডারেশনের একটি শক্তিশালী অঙ্গ হিসেবে এই অ্যাসোসিয়েশন সবসময় এজেন্টদের স্বার্থ রক্ষায় কাজ করে চলেছে। আসন্ন ২২ ও ২৩ আগস্টের এই সম্মেলনকে সর্বাঙ্গসুন্দর ও সফল করে তুলতে সংবাদমাধ্যমের সমস্ত সাংবাদিক বন্ধুসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনের কর্মকর্তাগণ।








