প্রগতি ত্রিপুরা,১৮ আগস্ট, ২০২৬: সাধারণ মানুষের আইনি সুরক্ষা দেওয়ার অন্যতম কেন্দ্রস্থল থানার ভেতর খোদ দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে উঠল যৌন হয়রানি ও চরম দুর্ব্যবহারের গুরুতর অভিযোগ। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রীকান্ত রুদ্র পাল-এর বিরুদ্ধে এমন সংবেদনশীল অভিযোগ তুলে ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন এক স্থানীয় মহিলা।

অভিযোগকারিণী সুমা দেবনাথ (স্বামী মহানন্দ দেবনাথ), যিনি কাঞ্চনপুরের রাধামাধবপুর বড়হালদি গ্রামের বাসিন্দা, অভিযোগ করেন যে একটি নির্দিষ্ট কাজে কাঞ্চনপুর থানায় গেলে কর্তব্যরত ওসি শ্রীকান্ত রুদ্র পাল তাঁর ওপর চড়াও হন। অভিযোগ অনুযায়ী, থানার ভেতরেই ওনাকে অশালীন ভাষায় গালিগালাজ, অপমানজনক মন্তব্য এবং যৌন হয়রানিমূলক আচরণ করা হয়। রক্ষকের ভূমিকায় থাকা একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে এমন অনভিপ্রেত আচরণে তিনি মানসিকভাবে বিধ্বস্ত ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
ঘটনার পরই ন্যায়বিচারের আশায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রাজ্য মহিলা কমিশন, রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি), কাঞ্চনপুরের এসডিপিও এবং উত্তর ত্রিপুরার জেলা পুলিশ সুপার অবিনাশ রাইয়ের কাছে। অভিযোগে ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের পাশাপাশি সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
এদিকে, এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে ওসি শ্রীকান্ত রুদ্র পাল বা পুলিশ প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা বিচারে নিরপেক্ষ প্রশাসনিক তদন্তের অপেক্ষায় রয়েছেন জেলাবাসী। তবে অপরাধ প্রমাণিত হলে দোষী আধিকারিকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জোরদার হচ্ছে।








