তেলিয়ামুড়ায় আত্মসমর্পণকারী এলএলএফটি-র সদস্যদের জাতীয় সড়ক অবরোধ: মন্ত্রীর আশ্বাসে স্থগিত আন্দোলন, নজর ২১ অগস্টের বৈঠকের দিকে

প্রগতি ত্রিপুরা,১৮ আগস্ট, ২০২৬: সাত দফা দাবির সমর্থনে আত্মসমর্পণকারী এলএলএফটি (LLFT) সদস্যদের পথ অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া এলাকায়। আগরতলা-আসাম জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। পরে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার নির্দেশে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন এবং অবরোধ প্রত্যাহার করান।

আন্দোলনকারীদের প্রধান অভিযোগ, আত্মসমর্পণের পর সরকারের তরফে প্রাপ্য সুযোগ-সুবিধা ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে তাঁদের অন্ধকারে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে এই অসন্তোষ জমতে জমতে শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রী বিকাশ দেববর্মা আগামী ২১ অগস্ট আন্দোলনকারীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করার কথা জানান। প্রতিশ্রুত আলোচনার আশ্বাসে সাময়িকভাবে অবরোধ তুলে নেওয়া হলেও, আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে ২১ তারিখের বৈঠকে সন্তোষজনক সমাধান না মিললে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

অন্যদিকে, মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, পথ অবরোধ করে কোনো সমস্যার স্থায়ী সমাধান হয় না। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। আত্মসমর্পণের পর প্রাপ্ত সরকারি সুযোগ-সুবিধার রূপরেখা বৈঠকে বিশদে তুলে ধরা হবে বলে তিনি আশ্বাস দেন। একই সাথে পূর্বতন সরকারগুলির সমালোচনা করে তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে জনজাতিদের উন্নয়ন থমকে ছিল, তবে বর্তমান রাজ্য সরকার জনজাতিদের আর্থ-সামাজিক মানোন্নয়নে বদ্ধপরিকর। এখন সবার নজর ২১ অগস্টের গুরুত্বপূর্ণ বৈঠকের ফলাফলের দিকে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী