প্রগতি ত্রিপুরা,১৭ আগস্ট, ২০২৬: চুরি করতে গিয়ে অতিরিক্ত ক্লান্তি আর নেশার ঘোরে অঘোর ঘুমে আচ্ছন্ন হয়ে হাতেনাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। গ্যাস সিলিন্ডার চম্পট দেওয়ার মুখে অকুস্থলেই ঘুমিয়ে পড়ার এই হাস্যাস্পদ ও অভিনব ঘটনাটি ঘটেছে মেলাঘর থানার অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ফকিরবাড়ী পচারমার ঘাট সমর সেতু সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে সমর সেতু এলাকার বাসিন্দা স্বপন ঘোষের বাড়ির রান্নাঘরের দরজার ছিটকিনি প্লাস দিয়ে ভেঙে ঢোকে এক চোর। এরপর সে ভেতর থেকে একটি ভর্তি গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট দেওয়ার চেষ্টা করে। কিন্তু সিলিন্ডারটি নিয়ে বাড়ি থেকে সামান্য কিছু দূরে যাওয়ার পরেই ঘটে চরম বিপত্তি।
রাত আনুমানিক সাড়ে তিনটে নাগাদ গৃহস্থ স্বপন ঘোষ ঘুম থেকে উঠে দেখেন রান্নাঘরের দরজা ভাঙা এবং সিলিন্ডারটি গায়েব। সন্দেহ হতেই তিনি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুদূর এগোতেই চোখ ছানাবড়া হয়ে যায় স্বপনবাবুর! দেখেন, চুরি হওয়া সিলিন্ডারটি পাশে রেখে এক ব্যক্তি অঘোর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে রয়েছে।
ঘটনা দেখে স্বপনবাবু চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর সবাই মিলে ঘুমন্ত চোরটিকে হাত-পা বেঁধে বেধড়ক গণধোলাই দেয়। খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। পুলিশি তদন্তে জানা গেছে, ধৃত চোরের নাম ইমান হোসেন এবং তার বাড়িও একই এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ইমান এলাকায় একজন চিহ্নিত পেশাদার অপরাধী। এর আগেও সে গরু চুরি সহ একাধিক অসামাজিক কাজের সাথে যুক্ত ছিল। তার এই অপকর্ম ও বেপরোয়া আচরণে নিজের মা-বাবা সহ পুরো এলাকাবাসী অতিষ্ঠ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইমান ব্রাউন সুগার ও ইয়াবার মতো মারাত্মক নেশায় আসক্ত। নেশার টাকা জোগাড় করতেই সে চুরি করতে এসেছিল। তবে নেশার ঘোর নাকি শারীরিক ক্লান্তির জন্য সে অকুস্থলে ঘুমিয়ে পড়েছিল—তা খতিয়ে দেখছে পুলিশ। এই অদ্ভুত ঘটনাকে ঘিরে এলাকায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে তৈরি হয়েছে প্রবল হাসির খোরাক।








