প্রগতি ত্রিপুরা,১৭ আগস্ট, ২০২৬: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-এ দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে এসেছে তিপরা মথা। তবে জয়ের পর তিন-চার মাস অতিক্রান্ত হতে চললেও দল এখনো তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সক্ষম হয়নি। ফলে পরিষদীয় প্রশাসনে দপ্তর বণ্টন প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে। পূর্ণাঙ্গ কমিটি ও দপ্তর বণ্টন না হওয়ায় দলের নির্বাচিত এমডিসি (MDC)-দের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।
অভ্যন্তরীণ এই টানাপোড়েনের মাঝেই আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা জোরদার করেছে দলটির শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের সাথে এক দফায় বৈঠকের পর সোমবার আগরতলার মানিক্য কোর্টে তিপরা মথার এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি বিজয় রাংখল সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। মানিক্য কোর্টের বৈঠকে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন দলের অবস্থান স্পষ্ট করে কড়া বার্তা দেন।
তিনি জানান, ১৪ লক্ষ জনজাতির সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করাই তাঁর মূল অগ্রাধিকার। এমডিসি বা বিধায়কদের ব্যক্তিগত পদ কিংবা সুবিধার চেয়ে চুক্তি বাস্তবায়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি ব্যক্তিগত মত প্রকাশ করে বলেন, অর্থ বা পদের জন্য তিনি রাজনীতিতে আসেননি। কেন্দ্র সরকারকে দ্রুত উপজাতি জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক সমাধান ও দাবি মেনে নিতে হবে। রাজ্য ও কেন্দ্র সরকার যদি এই অধিকার প্রদানে ব্যর্থ হয়, তবে তিনি ও তাঁর দল নিজস্ব বিকল্প পথ বেছে নিতে দ্বিধাবোধ করবে না।








