প্রগতি ত্রিপুরা, ১৪ আগস্ট, ২০২৬: ২০০৩ সালের এই অভিশপ্ত দিনটিতেই তৎকালীন উগ্রপন্থী গোষ্ঠী ‘এটিটিএফ’ (ATTF)-এর নির্বিচার গুলিবর্ষণে রক্তে ভেসেছিল কল্যাণপুরের মাইজভাণ্ডার এলাকা। ঘাতক বাহিনীর নির্মম বুলেটে সেদিন মুহূর্তের মধ্যে প্রাণ হারিয়েছিলেন ১৫ জন নিরপরাধ নর-নারী।
দেখতে দেখতে দীর্ঘ ২১টি বছর পার হয়ে গেলেও, মাইজভাণ্ডারের প্রতিটি মানুষের হৃদয়ে সেই ভয়াল রাতের রক্তাভ স্মৃতি আর স্বজন হারানোর যন্ত্রণা আজও একটুও ম্লান হয়নি। আজ সেই নৃশংস হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে প্রয়াত অমর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
মাইজভাণ্ডার শহীদ বেদীতে আয়োজিত এই বিশেষ স্মারক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সোমেন গোপ এবং মন্ডল সভাপতি তথা শক্তিকেন্দ্র প্রমুখ বাবুল দেবনাথ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই ভয়াল রাতে স্বজনহারা শহীদ পরিবারের সদস্যরাও। স্বজনদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণের মুহূর্তে গোটা এলাকা জুড়ে নেমে আসে এক ভারাক্রান্ত ও আবেগঘন পরিবেশ। অশ্রুসজল চোখে আজও এলাকাবাসী স্মরণ করছেন সেদিন প্রাণ হারানো নিরপরাধ মানুষগুলোকে।








