প্রগতি ত্রিপুরা, ১২ আগস্ট,২০২৬: ব্যাঙ্কে সপ্তাহে পাঁচদিন কাজ চালুর দাবিতে ফের রাজ্যজুড়ে সরব হলো ব্যাঙ্ককর্মীদের যৌথ সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। বুধবার রাজধানী আগরতলার মেলারমাঠ স্থিত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) শাখার সামনে এক প্রতিবাদী আন্দোলন কর্মসূচি সংগঠিত করে সংগঠনের সদস্য ও ব্যাঙ্ককর্মীরা।
কর্মসূচিতে ব্যাঙ্ককর্মীদের মানসিক ও শারীরিক ধকল কমাতে সপ্তাহে ৫ দিন কাজের ব্যবস্থা নিশ্চিত করা, অতিরিক্ত কাজের চাপ লাঘব করা এবং গ্রাহক পরিষেবা আরও গতিশীল ও উন্নত করার দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা হয়। আন্দোলনের নেতৃত্বরা ক্ষোভের সাথে জানান, দীর্ঘদিন ধরে এই যৌক্তিক দাবি জানিয়ে আসা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা দেখতে পাওয়া যায়নি।
আন্দোলনের তাৎপর্য ও পাঁচদিনের কর্মদিবসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে ‘ইউএফবিইউ’-এর প্রতিনিধি সঞ্জয় দত্ত বলেন, “বর্তমানে ব্যাঙ্ককর্মীদের কাজের সময় এবং ক্রমাগত মানসিক চাপ চরম আকার ধারণ করেছে। কর্মচারীদের কাজের সুষম পরিবেশ ফিরিয়ে আনতে সপ্তাহে পাঁচদিন কাজ অত্যন্ত জরুরি। এতে কেবল ব্যাঙ্ককর্মীদের শারীরিক ও মানসিক ক্লান্তিই দূর হবে না, বরং তাঁদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে সাধারণ গ্রাহকরাও আরও উন্নত ও দ্রুত পরিষেবা পাবেন।”
অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই দাবি মেনে না নিলে আগামী দিনে দেশজুড়ে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানো হবে বলে সংগঠন সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।








