অনলাইন ডেস্ক, ১০ আগস্ট, ২০২৬: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান ক্রমশ উজ্জ্বল হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। গত ১২ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বর্তমানে এই হাসপাতালে মোট ৫টি বিশেষজ্ঞ ডিপার্টমেন্ট রয়েছে। সেগুলো হল প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, জেনারেল মেডিসিন, চর্মরোগ, শিশুরোগ এবং চক্ষুরোগ।
এছাড়া রয়েছে ডেন্টাল পরিষেবাও। এখানে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার সুবিধা উপলব্ধ রয়েছে। সমগ্র হাসপাতালটি শীতাতপ নিয়ন্ত্রিত (এয়ার কন্ডিশনড)। এখানে পেপারলেস পরিষেবা প্রদান করা হয়। এই হাসপাতালটিকে ঘিরে রোগীদের এবং জনগণের আগ্রহ বাড়ছে। ড. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের বিভিন্ন পরিষেবা পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখতে আজ এন এইচ এ এর সিইও ডঃ সুনীল কুমার বনওয়াল, জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার মিশন অধিকর্তা সাজু বাহিদ এ, জাতীয় স্বাস্থ্য মিশনের ডেপুটি সেক্রেটারি ডাঃ শৈলেশ কুমার যাদব, আয়ুষ্মান ভারতের সিইও এবং স্টেট মিশন ডিরেক্টর জি শরৎ নায়েক, আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন করেন। তাছাড়া এই প্রতিনিধিদলে ছিলেন আইজিএম হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ নির্মল সরকার প্রমুখ।
এই পরিদর্শনকালে প্রতিনিধি দলের আধিকারিকগণ হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, ইমার্জেন্সি, ওয়ার্ড, মেডিক্যাল স্টোর সহ বিভিন্ন বিভাগে পরিষেবা প্রদানের সামগ্রিক দিকগুলি বিস্তারিত পর্যালোচনা করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে।








