মনাইপাথরে পুলিশের মেগা অভিযান: মাটির নিচ থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার

প্রগতি ত্রিপুরা, ০৯ অগাস্ট, ২০২৬: দক্ষিণ ত্রিপুরা জেলার পিআর বাড়ি থানা পুলিশের এক বিশাল সাফল্য। গোপন সূত্রের তথ্যের ওপর ভিত্তি করে রাজনগর থানাধীন মনাইপাথর কিলিং পাড়ায় পরিচালিত এক যৌথ অভিযানে মাটির নিচ থেকে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ মাদকদ্রব্য। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত পিতা ও পুত্রকে।

পুলিশ সূত্রে খবর, রবিবার পিআর বাড়ি থানার ওসি রতন রবি দাসের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল মনাইপাথরের বাসিন্দা দুলাল মজুমদারের বাড়িতে অভিযান চালায়। এই টিমে ছিলেন এসআই নিরন দেববর্মা, এসআই বিকাশ দেবনাথ, ডিসিএম বিএলএন এবং জেলা মোবাইল ফরেনসিক টিম। দুলাল মজুমদারের বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা ৪টি প্লাস্টিকের ড্রামের সন্ধান পায় পুলিশ। ড্রামগুলোর ভেতর থেকে উদ্ধার হয় প্রায় ১২২ কেজির শুকনো গাঁজা।

অভিযানের সময় মাদক পাচারে ব্যবহৃত একটি অল্ট্রো গাড়ি (পঞ্জীকরণ নম্বর: TR-08-E-0656) বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাস্থল থেকেই বাড়ির মালিক দুলাল মজুমদার এবং তার ছেলে সাগর মজুমদারকে আটক করা হয়।

ঘটনার নিশ্চিত করে ওসি রতন রবি দাস জানান, অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিস (NDPS) আইনের ২০(বি)(টু)(সি), ২৫ ও ২৯ ধারায় একটি মামলা (মামলা নং ৩০/২০২৬) দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “মাদক চক্রান্তের সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। এই চক্রের মূল শিকড় পর্যন্ত পৌঁছাতে তদন্ত অব্যাহত থাকবে।”

এলাকাবাসীর মতে, পুলিশের এই কঠোর পদক্ষেপ অঞ্চলে অবৈধ মাদক কারবারিদের শক্ত ধাক্কা দিয়েছে। পুলিশ ও প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী