অনলাইন ডেস্ক, ২ অগাস্ট, ২০২৬: শারদোৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলার পুজো মণ্ডপগুলিতে এখন প্রস্তুতি তুঙ্গে। প্রতিবছরের ন্যায় এবারও প্রতিযোগিতার দৌড়ে নিজেদের সেরা হিসেবে তুলে ধরতে প্রস্তুত ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ক্লাব। এ বছর ক্লাবটি ৫৯তম বর্ষে পদার্পণ করতে চলেছে।
প্রতিষ্ঠানটির পুজো কমিটির পক্ষে আইনজীবী ও উপদেষ্টা স্বপন দেবনাথ জানান, এবারের পুজোর মূল ভাবনা বা থিম হলো ‘কাঁচের মায়াজাল’। মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে যাবতীয় কারুকার্য—সবই তৈরি হচ্ছে কাঁচের শৈল্পিক ছোঁয়ায়। আলোকসজ্জা এবং মণ্ডপশিল্পের কাজে আনা হয়েছে পশ্চিমবঙ্গ (বিশেষ করে শিলিগুড়ি ও কলকাতা)-এর দক্ষ শিল্পীদের। এবারের পুজো বাজেট ধরা হয়েছে ৩০ লক্ষ টাকা।
অন্যান্য বছরের মতো এবারও কেবল পুজো মণ্ডপের অলঙ্করণেই সীমাবদ্ধ থাকছে না ক্লাবটির কার্যক্রম। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে বহুমুখী সমাজসেবামূলক কর্মসূচির। এর মধ্যে রয়েছে রক্তদান শিবির,বস্ত্র ও বই বিতরণ, দুস্থ, ক্যানসার আক্রান্ত ও আর্থিক সংস্থানে অক্ষম রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান। আগরতলা শহরের অন্যতম সেরা পুজো হিসেবে এবারও দর্শনার্থীদের হৃদয় জয় করবে কুঞ্জবন স্পোর্টিং ক্লাব—এমনটাই আশাব্যক্ত করেছেন ক্লাবের উদ্যোক্তারা।








