অনলাইন ডেস্ক, ০১ অগাস্ট, ২০২৬:কম্পনওয়েলথ জুডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে ত্রিপুরা তথা সমগ্র দেশের মুখ উজ্জ্বল করেছেন দক্ষিণ ত্রিপরা জেলার বিলোনিয়ার মেয়ে অস্মিতা দে। তাঁর এই অভূতপূর্ব সাফল্যে গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। শনিবার এক কর্মসূচিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অস্মিতাকে রাজ্য সরকার ও রাজ্যবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দক্ষিণ ত্রিপুরা থেকে ফেরার পথেই আমি অস্মিতার সাফল্যের এই সুখবরটি পাই। ওকে আমি আগে থেকেই চিনি এবং এর আগেও ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করেছি। তবে আন্তর্জাতিক মঞ্চে কমনওয়েলথে স্বর্ণপদক জয় ত্রিপুরার জন্য এক বিশাল গর্বের বিষয়।”
জিমন্যাস্ট দীপা কর্মকারের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আরও বলেন, “একসময় দীপাকে দেখে ত্রিপুরার অনেক তরুণ-তরুণী খেলাধুলোয় আসতে উদ্বুদ্ধ হয়েছিল। আজ জুডোতে অস্মিতার এই সাফল্য রাজ্যের উদীয়মান খেলোয়াড়দের আরও বেশি উৎসাহিত করবে। ত্রিপুরায় প্রতিভার কোনো অভাব নেই, সঠিক সুযোগ পেলে আমাদের ছেলেমেয়েরা যে যেকোনো মঞ্চে সেরাটা দিতে পারে, অস্মিতা তা আবার প্রমাণ করে দিল।” আগামী দিনেও রাজ্যের তরুণ খেলোয়াড়রা যাতে ক্রীড়াক্ষেত্রে সাফল্যের ধারা বজায় রাখতে পারে, সেই শুভকামনাও ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।








