হাইকোর্টের হস্তক্ষেপে এফআইআর, সাসপেন্ড এয়ারপোর্ট থানার ওসি

প্রগতি ত্রিপুরা, ৩০ জুলাই, ২০২৬: থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পরও এফআইআর নথিভুক্ত না করার অভিযোগে দায়ের হওয়া মামলায় হাইকোর্টের কড়া অবস্থানের পর অবশেষে মামলা গ্রহণ করল পুলিশ। একই সঙ্গে অভিযোগের ক্ষেত্রে দায়িত্বে গাফিলতির জন্য এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত দেবকে সাসপেন্ড করা হয়েছে বলে আদালতকে জানানো হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ঝুমা রায় নামে এক মহিলা প্রায় এক মাস আগে এয়ারপোর্ট থানায় একটি গুরুতর অপরাধের অভিযোগ নিয়ে লিখিতভাবে পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করেনি। বরং তাঁকে থানায় ডেকে হয়রানি এবং মামলা না করার জন্য চাপ ও হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

থানায় অভিযোগ জানিয়েও প্রতিকার না পেয়ে ওই মহিলা পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের (এসপি) কাছেও লিখিত অভিযোগ জানান। অভিযোগের পরও দীর্ঘ সময় কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় শেষ পর্যন্ত তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। অভিযোগের বিষয়টি নিয়ে আদালত পুলিশ প্রশাসনের ভূমিকা সম্পর্কে কড়া প্রশ্ন তোলে এবং কারণ দর্শানোর নোটিশ জারি করে বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেবকে সাসপেন্ড করা হয়েছে।

শুনানির সময় থানায় অভিযোগ গ্রহণের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করে বলে আইনজীবী সূত্রে জানা গেছে। রাজধানী শহরের একটি থানাতেই যদি অভিযোগ গ্রহণ নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে রাজ্যের প্রত্যন্ত এলাকার পরিস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে—এমন পর্যবেক্ষণ আদালতের পক্ষ থেকে করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে, মামলায় ভুক্তভোগী মহিলার নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। তাঁকে থানায় ডেকে হুমকি দেওয়া হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, সেই বিষয়েও পুলিশকে হলফনামার মাধ্যমে আদালতে বিস্তারিত জানাতে বলা হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি শুক্রবার হওয়ার কথা রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ গ্রহণের প্রক্রিয়া ও পুলিশের দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হাইকোর্টের হস্তক্ষেপের পর এফআইআর নথিভুক্ত এবং সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আইনজীবী মহলের একাংশ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী