আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অজিঙ্কা রাহানে, সব ধরনের ক্রিকেট থেকেও অবসর ঘোষণা

প্রগতি ত্রিপুরা, ৩০ জুলাই, ২০২৬: সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের তারকা ক্রিকেটার অজিঙ্ক রাহানে। সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ২০১১ সালে ভারতের জার্সিতে অভিষেক হওয়া রাহানে দেশের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং ২০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে অনুষ্ঠিত একটি টেস্ট।

রাহানের ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায় ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। অ্যাডিলেড টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার ধাক্কা কাটিয়ে তাঁর নেতৃত্বে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল। অধিনায়ক হিসেবে তিনি ছয়টি টেস্টে নেতৃত্ব দেন, যার মধ্যে চারটিতে জয় এবং দুটি ম্যাচ ড্র করে ভারত। আন্তর্জাতিক ক্যারিয়ারে রাহানে ৮৫ টেস্টে ৫,০৭৭ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১২টি শতরান। এছাড়া ৯০টি ওডিআইয়ে তাঁর সংগ্রহ ২,৯৬২ রান এবং তিনটি শতক।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২০ ম্যাচে তিনি করেন ৩৭৫ রান। একটি আবেগঘন ভিডিও বার্তায় রাহানে বলেন, জীবনের অন্যতম বাস্তব সত্য হলো—প্রতিটি শুরুরই একটি শেষ থাকে। সঠিক সময় এলে তাকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যাওয়াই নিয়ম। ব্যাটিংয়ে টাইমিং যেমন গুরুত্বপূর্ণ, জীবনের সিদ্ধান্তের ক্ষেত্রেও সেই টাইমিং মেনে আন্তর্জাতিক ক্রিকেট এবং সব ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডেম্বিভলি থেকে অনুশীলনের জন্য যাতায়াত শুরুর সেই প্রাথমিক দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, নিজের সেরাটা দিয়ে দেশকে প্রতিনিধিত্ব করার যে স্বপ্ন তিনি দেখতেন, তা পূরণ হতে পেরে তিনি কৃতজ্ঞ।

তিনি সবসময় দলকে নিজের আগে স্থান দিয়েছেন এবং সততার সাথে ক্রিকেট খেলেছেন। আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটলেও ক্রিকেটের সাথে যুক্ত থাকার অঙ্গীকার প্রকাশ করে রাহানে জানান, তিনি আগামী প্রজন্মকে সাহায্য করতে এবং খেলাটি তাঁকে যা দিয়েছে তা ফিরিয়ে দিতে চান। বার্তার শেষাংশে তিনি বিসিসিআই, এমসিএ, সতীর্থ, কোচ, আইপিএল ফ্র্যাঞ্চাইজি, পরিবার এবং তাঁর সকল ভক্তকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী