অনলাইন ডেস্ক , ২৭ জুলাই, ২০২৬ : কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে আজ প্রাণীসম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে এই তিনটি দপ্তরের কাজকর্ম বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডা. নীরজ কুমার চঞ্চল, মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা ভাস্বর ভট্টাচার্য, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক শান্তিময় দেববর্মা, কুমারঘাট মহকুমার মহকুমা শাসক এন. এস. চাকমা সহ বিভিন্ন ব্লকের বিডিও ও সংশ্লিষ্ট দপ্তরগুলির পদস্থ আধিকারিকগণ।
পর্যালোচনা সভা শুরু হওয়ার আগে মৎস্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ঊনকোটি জেলায় এই তিনটি দপ্তরের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি, সমস্যা এবং সমাধানের বিষয়ে পর্যালোচনা করা হবে। তিনি বলেন, এ ধরনের পর্যালোচনা বৈঠকের ফলে দপ্তরগুলির কাজের গতি অনেক বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন জেলার চাহিদা বিবেচনায় রেখে মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে পোল্ট্রি, হাঁসপালন, ছাগল পালন সহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে তাদের যুক্ত করা হচ্ছে। তাতে গ্রামীণ অর্থনীতি আরও সুদৃঢ় হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাসও উপস্থিত ছিলেন।








