প্রগতি ত্রিপুরা, ১১ জুলাই, ২০২৬: কৈলাসহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজ এলাকা থেকে শনিবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। একটি চা বাগানের ভেতরের ঘন জঙ্গল থেকে এক তরুণীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র ঘিরে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ইরানি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই তরুণীকে গতকাল একই এলাকার এক যুবক বড়খলা হাই স্কুল থেকে নিয়ে যায় এমনটাই দাবি স্থানীয় সূত্রে , পরিবারের পক্ষ থেকে তরুণী নিখোঁজের পর ইরানি থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়।
।কিন্তু আজ সকালে হীরাছড়া চা বাগিচার ঘণ জঙ্গল থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন যদি যুবতী নিজে এই সিদ্ধান্ত নিয়ে তাকে তাহলে এত গভীর জঙ্গলের ভেতরে কিভাবে গেল রাতের অন্ধকারে এই ঘণজঙ্গলে যাওয়া অল্প বয়সের এই তরুনীর জন্য প্রায় অসম্ভব। এলাকাবাসী এই ঘটনায় আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যার অভিযোগ তুলছেন । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করার দাবি জানান।
খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এদিকে, যে যুবকের বিরুদ্ধে ওই তরুণীকে স্কুল থেকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে, তাঁর কোনো সন্ধান এখনও মেলেনি বলে দাবি স্থানীয়দের। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। এলাকায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—তরুণীর মৃত্যু কীভাবে ঘটল? এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না? তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
ঘটনাস্থলটি হীরাছড়া এসপিও ক্যাম্প থেকে ঢিলছোড়া দূরত্বে হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় নিরাপত্তা ও নজরদারির ক্ষেত্রে গুরুতর এসপিও ক্যাম্পে কর্মরত জয়ানদের চরম গাফিলতি রয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের শনাক্তকরণ এবং প্রকৃত সত্য প্রকাশের দাবিতে এলাকাবাসী সরব হয়ে উঠেছেন। এখন সকলের নজর পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের দিকে।







