প্রগতি ত্রিপুরা, ০৯ জুলাই, ২০২৬: রাজধানীর আমতলী থানা এলাকার মধুবন-কাঁঠালতলী রিং সেটেলমেন্ট কলোনি থেকে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিখোঁজ গৃহবধূর নাম মল্লিকা কর্মকার রায়। পরিবারের দাবি, গত পরশুদিন দুপুরে বাড়ি থেকে আইজিএম হাসপাতালের উদ্দেশ্যে বের হন তিনি। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।এ ঘটনায় গৃহবধূর স্বামী শোপুর অঞ্জন রায় আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন। তবে ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ গৃহবধূর বাবা জগদীশ কর্মকার সংবাদমাধ্যমের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশাসনের সহযোগিতায় দ্রুত তার মেয়েকে উদ্ধার করার আবেদন জানিয়েছেন। তিনি জানান, মল্লিকা কর্মকার রায়ের একটি ১০ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়ার আশায় প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।








