ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে ১৮ সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন কর্মসূচি

প্রগতি ত্রিপুরা, ০৯ জুলাই, ২০২৬: ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে গত ২৩ জুন থেকে শুরু হওয়া প্রভাত ফেরি কর্মসূচি অব্যাহত রয়েছে ১৮ সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে। ত্রিপুরা বিধানসভার উপ-অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার এই কর্মসূচির অংশ হিসেবে কাঠালতলী এলাকায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য প্রভাত ফেরি।

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও দেশপ্রেমের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ১৮ সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে ধারাবাহিকভাবে চলছে প্রভাত ফেরি কর্মসূচি। বৃহস্পতিবার সকালে কাঠালতলী এলাকা থেকে শুরু হয় প্রভাত ফেরি। চার থেকে পাঁচশো মানুষের অংশগ্রহণে মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে কমিউনিটি হলে গিয়ে শেষ হয়।

এরপর কমিউনিটি হল প্রাঙ্গণে আয়োজিত সভায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, আদর্শ ও দেশসেবামূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার উপ-অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও কর্মের ওপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ৫০০ টাকা করে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিধায়ক রামপ্রসাদ পাল বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন আদর্শবান, সাহসী ও দেশপ্রেমিক নেতা। তাঁর বক্তব্য অনুযায়ী, তৎকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে। তিনি আরও বলেন, “এক দেশ, এক নিশান”–এর যে ভাবনা ডঃ মুখার্জি তুলে ধরেছিলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে দেশ এগিয়ে চলেছে।

২৩ জুন থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরি কর্মসূচি আগামী ১০ জুলাই পর্যন্ত সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Leave a Comment