আগরতলা প্রতিনিধি, ৫ জুলাই ।। মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল Intrepidus Leones Tripura Motorcycle Club (ILTMC)। ক্লাবের উদ্যোগে রবিবার আগরতলার জিবি বাজার এলাকায় ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং সাধারণ মানুষের কাছ থেকে স্বেচ্ছায় আর্থিক অনুদান সংগ্রহ করা হয়। সংগৃহীত অর্থের সঙ্গে ক্লাব সদস্যদের ব্যক্তিগত অনুদান যুক্ত করে মোট ৩০ হাজার টাকা গুরুতর অসুস্থ মনুশ্রীর চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগে জিবি বাজারের ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ আন্তরিকভাবে সাড়া দেন। ক্লাব সদস্যরা জানান, অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। সমাজের প্রতিটি মানুষের সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে বলেও তারা উল্লেখ করেন।ক্লাবের পক্ষ থেকে সকলকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলা হয়, মনুশ্রীর চিকিৎসার জন্য এখনও আরও আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে। তাই সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ILTMC-এর এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং মনুশ্রীর দ্রুত সুস্থতা কামনা করেন। মানবতার সেবায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাবের সদস্যরা।








