অনলাইন ডেস্ক, ৪ জুলাই, ২০২৬: সড়ক নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ধর্মনগর শহরে বিশেষ ট্রাফিক সচেতনতা কর্মসূচির আয়োজন করে উত্তর জেলা ট্রাফিক পুলিশ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রাই। তাঁর নেতৃত্বে আয়োজিত এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেয় শ্রীভূমি বিদ্যাভবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীরা।বিদ্যালয়ের সাত দিনব্যাপী এনএসএস বিশেষ শিবিরের অংশ হিসেবে আয়োজিত এই সচেতনতা মূলক কর্মসূচিতে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পথচারী, মোটর সাইকেল চালক ও অন্যান্য যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
পাশাপাশি হেলমেট ব্যবহার, সিটবেল্ট বাঁধা এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর গুরুত্ব সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, অধিকাংশ সড়ক দুর্ঘটনার পেছনে অসচেতনতা ও ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা দায়ী।তাই নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধিই সবচেয়ে কার্যকর উপায়।পুলিশ প্রশাসন ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে পরিচালিত এই সচেতনতামূলক প্রচারাভিযান ধর্মনগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে সড়ক দুর্ঘটনা কমানোর পাশাপাশি নিরাপদ ও দায়িত্বশীল যান চলাচলের পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।








