শান্তিরবাজারে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন, শ্রদ্ধা ও স্মরণে মুখরিত মুকুট অডিটোরিয়াম

অনলাইন ডেস্ক, ২৬ জুন, ২০২৬: দক্ষিণ ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ। দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদ, শান্তিরবাজার পৌরপরিষদ, বগাফা পঞ্চায়েত সমিতি ও বি.এ.সি এবং জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতি ও বি.এ.সি-এর যৌথ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি সকাল ১১:০০ টায় চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে শুরু হয়।

​অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর তিনি সাহিত্যসম্রাটের কালজয়ী সৃষ্টি এবং ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে প্রশাসনিক ও সামাজিক স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা পায়।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলো করে বসেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা মহম্মদ সাজাদ পি (আই.এ.এস), শান্তিরবাজারের মহকুমা শাসক শ্রী তরুণ কান্তি সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌরপরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য,এবং পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন সত্যব্রত সাহা। জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জেলা পরিষদের সদস্য সুমন দেবনাথ বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক।

অনুষ্ঠানে অতিথিরা আলোচনা করতে গিয়ে ​ বঙ্কিমচন্দ্রের ‘বন্দে মাতরম’ মন্ত্রের ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলা সাহিত্যে তাঁর অমর কীর্তির ওপর আলোকপাত করেন। সমগ্র অনুষ্ঠানটি সফল করার জন্য জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের (বিলোনীয়া) সহ-অধিকর্তা শ্রী মনোজ দেববর্মা উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক অনুপম পাল। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শ্রদ্ধায় অনুষ্ঠানটি এক মনোজ্ঞ রূপ ধারণ করে।

Leave a Comment

আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধের সিদ্ধান্ত সার্বিক বিবেচনায় জনস্বার্থে গৃহীত: সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর