রাস্তার ধারে ময়লার স্তূপ নিয়ে জনরোষ, প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতি!!

অনলাইন ডেস্ক,২৪ জুন, ২০২৬: দীর্ঘদিনের অবহেলা আর অপরিচ্ছন্নতায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রাস্তার ধারে যত্রতত্র আবর্জনা ফেলার বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক না নড়ায় আজ বাবুরবাজার থেকে হীরাছড়া গামী মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী।

দীর্ঘক্ষণ এই অবরোধ চলার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে অসংখ্য যানবাহন ও পথযাত্রী। জনদুর্ভোগ চরমে পৌঁছলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহরের ডিসিএম মতিরঞ্জন দেববর্মা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরানি পুলিশ স্টেশনের অফিসার শ্রীকান্ত চক্রবর্তীর নেতৃত্বে সেখানে পৌঁছায় বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী।

স্থানীয়দের অভিযোগ, বাবুরবাজার কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণেই রাস্তার ধারে আবর্জনার পাহাড় তৈরি হয়েছে। শুধু গৃহস্থালির বর্জ্য নয়, মৃত গবাদি পশুও সেখানে ফেলে রাখা হচ্ছে। এতে চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এলাকায়। পথচারী ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। এই ধরনের পরিবেশবিরোধী ভূমিকায় ক্ষুব্ধ সচেতন নাগরিক সমাজ।

দীর্ঘক্ষণ প্রশাসন ও পুলিশের সাথে স্থানীয়দের আলোচনার পর, অতি দ্রুত রাস্তার পাশের এই আবর্জনা পরিষ্কার করার লিখিত আশ্বাস দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এই প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুরবাজার কর্তৃপক্ষের এই দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষোভের অন্ত নেই সাধারণ মানুষের। এখন দেখার বিষয়, প্রশাসন তাদের দেওয়া প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবায়ন করে।

Leave a Comment

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে