প্রগতি ত্রিপুরা, ১৯ জুন , ২০২৬: নাটক হল সমাজের দর্পন। নাটক সমাজকে সঠিক দিশায় পরিচালিত হতে বার্তা বহন করে। তাই নাটকের মতো একটি শক্তিশালী মাধ্যমকে ব্যবহার করে সমাজের কুসংস্কার, বাল্যবিবাহ রোধ করা প্রভৃতি সামাজিক ব্যধির বিরুদ্ধে প্রচারে নতুন প্রজন্মকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে।
কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আজ জেলাভিত্তিক ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতায় এদিন জেলার পাঁচটি বিদ্যালয় ও দুটি সংস্থা অংশ নেয়। সভাধিপতি অমলেন্দু দাস আরও বলেন, আমাদের সমাজ জীবনের চারপাশে যা কিছু ঘটছে তাই হল নাটকের বিষয়বস্তু।
আমাদের জীবনের হাসি, কান্না, সবকিছু নাটকে পরিশীলিত ভাবে ফুটে উঠে। এর মধ্যে যা কিছু নেতিবাচক তাকে বর্জন করে ইতিবাচক দিকগুলোকে তুলে ধরাই নাটকের কাজ। উদ্বোধনী অনুষ্ঠানে জিলা পরিষদের সদস্য বিমল কর বলেন, নাট্যচর্চা আরও বেশি করে সংগঠিত করতেই রাজ্য সরকার তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা জেলাস্তরে পৌঁছে দিয়েছে।
অনুষ্ঠানের সভাপতি কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রাণী দেবরায় বলেন, নাটকে নাট্য শিল্পীদের বিকশিত মনের প্রতিফলন ঘটে। যা সমাজকেও শিক্ষিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অসীম চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন ঊনকোটি জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা অজয় দে। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক রাজেশ দেববর্মা ও সমাজসেবী অরুণ সাহা।
এদিন নাটক প্রতিযোগিতায় পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়, শ্রীরামপুর সূর্যমনি ম্যামোরিয়াল দ্বাদশ শ্রেণি বিদ্যালয়, বৈদ্যনাথ মজুমদার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়, ডলুগাঁও দ্বাদশ শ্রেণি বিদ্যালয়, শিশু নিকেতন, রেনেসা ও নির্ঘোষ নিক্কন সাংস্কৃতিক সংস্থা প্রতিযোগিতায় অংশ নেয়। নাটক প্রতিযোগিতায় প্রথম হয়েছে শিশু নিকেতন হাই স্কুল, দ্বিতীয় হয়েছে নিঘোর্ষ নিক্কন ও যুগ্ম ভাবে তৃতীয় হয়েছে পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয় ও রেনেসা।








