প্রগতি ত্রিপুরা, ১৮ জুন, ২০২৬: আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভল, ২০২৬। এ উপলক্ষ্যে আজ সচিবালয়ের ২ নং কনফারেন্স হলে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথের সভাপতিত্বে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্যসচিব জে. কে. সিনহা সহ বিভিন্ন দপ্তরের সচিবগণ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকগণ। সভায় জানানো হয় ২৭ জুন এই উৎসবের সূচনা হবে। প্রতিদিন এই উৎসব সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
এই উৎসবে রাজ্যের আনারস চাষিদের সংবর্ধনা, পর্যটনের প্রচার সহ রাজ্যের সাংস্কৃতিক কর্মকান্ডের প্রদর্শন করা হবে। উৎসব উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন দপ্তরের ২৫টি স্টল খোলা হবে। এছাড়া আজকের এই সভায় উৎসব আয়োজনের অন্যান্য বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।








