প্রগতি ত্রিপুরা, ১৮ জুন, ২০২৬: ২০১০ সালের আগে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের চাকরির নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতির দাবিতে উত্তর ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ।
ত্রিপুরা প্রান্ত।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,২০২৬ সালের ২৯ মে সুপ্রিম কোর্টের এক রায়ে পাঁচ বছরের বেশি সময় ধরে কর্মরত প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রেও টেট উত্তীর্ণ হওয়ার শর্ত বহাল রাখা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে কর্মরত বহু শিক্ষকের চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে বলে তাদের দাবি।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপিতে ২০১০ সালের আগে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মানবিক দৃষ্টিভঙ্গিতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।এদিন জেলা শাসকের কার্যালয়ের সামনে সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভে অংশ নেন।
তাদের বক্তব্য,দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষকদের মর্যাদা ও সামাজিক নিরাপত্তা বজায় রেখে শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে কেন্দ্র সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।সংগঠনের নেতৃবৃন্দ জানান,আসন্ন সংসদের বর্ষাকালীন অধিবেশনে টেট থেকে অব্যাহতির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য তারা কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন।জেলাশাসক অনুপস্থিত থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা শাসক বিজয় সিনহা। ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা টেট আন্দোলন কমিটির সমন্বয়ক তথা ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক ডঃ মৌসুম ভট্টাচার্য।







