সোনামুড়ায় প্রেমিকের হাত ধরে পালালো নববধূ! প্রতিশোধ নিতে ছেলের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

প্রগতি ত্রিপুরা, ১৮ জুন, ২০২৬: প্রেমের টানে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে পালালো তরুণী। আর সেই রাগে মধ্যরাতে প্রেমিকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠলো মেয়ের পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন নতুন বাজার এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জানা গেছে সোনামুড়া নতুন বাজারের বাসিন্দা বিল্লাল হোসেন মজুমদারের ছেলে আরিফ হোসেন মজুমদারের সাথে আড়ালিয়া এলাকার এক তরুণীর দীর্ঘ চার বছরের গভীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের মাত্র কয়েকদিনের মাথায়, সমস্ত সামাজিক বাঁধন ছিন্ন করে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় ওই নববধূ।

​ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে, যেখানে ওই তরুণী নিজে স্বীকার করেছে যে আরিফের সাথে তার চার বছরের সম্পর্ক। এমনকি তার নিজের পরিবারের উদ্দেশ্যে সে বার্তা দেয়, এই ঘটনায় যেন ছেলের পরিবারের কোনো ক্ষতি বা হয়রানি করা না হয়।

মেয়ে নিখোঁজ হওয়ার পর, মেয়ের পরিবারের তরফ থেকে সোনামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয় বলে খবর। সেই মামলার ভিত্তিতেই গতকাল গভীর রাতে সোনামুড়া থানার পুলিশ আরিফ হোসেনের বাড়িতে হানা দেয়। কিন্তু বাড়িতে প্রেমিক-প্রেমিকার হদিশ না মেলায়, পুলিশ আরিফের বাবাকে আজ সকালে থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়ে চলে যায়।

​অভিযোগ, পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে সেই লঙ্কাকাণ্ড। বিল্লাল হোসেন মজুমদারের পরিবারের দাবি— গভীর রাতে মেয়ের ভাই সজীব হোসেন, পাশের বাড়ির মেয়ের মেশু আলমগীর হোসেন এবং শাহরুখ খান নামের এক যুবকসহ একদল দুষ্কৃতী তাদের বাড়িতে চড়াও হয়। তারা বিল্লাল হোসেনের একটি গাড়ি এবং খড়ের মুরিলে (গড়ের মুরিল) আগুন লাগিয়ে দেয়।

​চিৎকার এবং ডাকাত সন্দেহে ধাওয়া দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আরিফের মা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে অভিযুক্তরা একটি ইক্ষু (আঁখ) বোঝাই গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ​মাঝরাতে ওই গাড়ির গতিবিধি দেখে স্থানীয় মানুষজন সেটিকে ডাকাতের গাড়ি মনে করে ধাওয়া করে।

কিন্তু শেষ পর্যন্ত গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে এলাকাবাসী জানতে পারেন, ওই গাড়িতে থাকা যুবকেরাই বিল্লাল হোসেন মজুমদারের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছে।পরিশেষে বলা যায়, প্রেমের টান বনাম পরিবারের সম্মান— এই দুইয়ের লড়াইয়ে এখন রণক্ষেত্র সোনামুড়ার নতুন বাজার এলাকা। একদিকে পুলিশ যেমন পলাতক প্রেমিক-প্রেমিকার খোঁজ চালাচ্ছে, অন্যদিকে মধ্যরাতে অগ্নিসংযোগের এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছেলের পরিবার। এখন দেখার, পুলিশ এই ঘটনায় কী পদক্ষেপ নেয়।

Leave a Comment