প্রগতি ত্রিপুরা, ১৬ জুন, ২০২৬: অমরপুর নগর পঞ্চায়েত এলাকায় পানীয় জলের তীব্র সংকট ঘিরে জনমনে ক্ষোভ ক্রমশ বাড়ছে। দীর্ঘদিন ধরে জল সরবরাহ ব্যবস্থার অব্যবস্থাপনা ও বারবার পরিষেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অমরপুর DWS দপ্তরের SDO হিসেবে সুভাষ চাকমা প্রায় ১২ বছর ধরে কর্মরত রয়েছেন।
দীর্ঘ এই সময়ে পানীয় জল পরিষেবার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন একাংশের বাসিন্দা।
অভিযোগ, গত কয়েক বছর ধরে নিয়মিত বিরতিতে শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহ ব্যাহত হচ্ছে। কখনও পাম্প বিকল, কখনও পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়া, আবার কখনও নদীর জলস্তর কমে যাওয়ার মতো কারণ দেখিয়ে সমস্যা ব্যাখ্যা করা হলেও স্থায়ী সমাধান মিলছে না। ফলে পানীয় জলের জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
এই বিষয়ে DWS দপ্তরের SDO সুভাষ চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্যার জন্য রাজ্য সরকার এবং ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি (TUDA)-এর দিকে অভিযোগের আঙুল তোলেন। তাঁর বক্তব্য, পাইপলাইন সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ না হওয়ায় বহু কাজ সময়মতো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।
পাশাপাশি TUDA-র বিভিন্ন উন্নয়নমূলক কাজের কারণে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে, স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস এবং অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সমস্যার সমাধানে একাধিকবার উদ্যোগ নিলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি বলে অভিযোগ রয়েছে। ফলে জনসাধারণের মধ্যে হতাশা বাড়ছে।






