প্রগতি ত্রিপুরা, ১৫ জুন, ২০২৬: দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র ইটসলিং রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে দলবদল করলেন ঊনকোটি এডিসি ভিলেজের পিজেপি কলোনির বাসিন্দারা। ১ নম্বর ওয়ার্ডের প্রায় ৪০-৪৫টি পরিবারের বাসিন্দাদের প্রধান আয়ের উৎস সুপারি ও জুম চাষ।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ বাম শাসনকাল এবং বর্তমান বিজেপি সরকারের গত আট বছরেও রাস্তার উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, বিভিন্ন সময়ে শাসকদলের জনপ্রতিনিধি ও নেতৃত্বদের কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও তাদের সমস্যার সমাধান হয়নি।
ফলে ক্ষোভে ফেটে পড়ে বাম, বিজেপি ও মথা দল ত্যাগ করে ৪৫টি পরিবারের ৮৫ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন।সোমবার বিকেল আনুমানিক ৩টা নাগাদ কংগ্রেস দল আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস নেতৃত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামানসহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। কংগ্রেস নেতৃত্ব নবাগতদের স্বাগত জানিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দেন।






