নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

প্রগতি ত্রিপুরা, ১৫ জুন, ২০২৬: বাগমারা ভিসির অন্তর্গত কে এম এ পাড়া থেকে ধুমঝাকরাই রিয়াং পাড়া পর্যন্ত চলমান রাস্তা ও সাইড ওয়াল নির্মাণকাজকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী । স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে!।

ফলে রাস্তার স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে? এই গুরুত্বপূর্ণ সড়কটি দুমঝাগরাই, মম মগপাড়া, থৈইচিং মগপাড়া, এনজি পাড়া, কুমার ধন পাড়া, ধনবান পাড়া এবং থানাবুল এলাকার মানুষের প্রধান যাতায়াত পথ। পাশাপাশি হাসপাতালগামী রোগী, সাধারণ মানুষ এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন।

স্থানীয়দের দাবি, কাজের বিভিন্ন ত্রুটি নিয়ে একাধিকবার ঠিকাদার সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকায় ক্ষোভ আরও বাড়ছে। গ্রামবাসীরা জানিয়েছেন, নির্মাণকাজ নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

প্রয়োজনে কাজ বন্ধ রাখার দাবিও তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখন নজর সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের দিকে—অভিযোগের পর তারা কী পদক্ষেপ নেয় এবং নির্মাণকাজের মান নিশ্চিত করতে কী ব্যবস্থা গ্রহণ করে, সেটাই দেখার বিষয়।

Leave a Comment