প্রগতি ত্রিপুরা, ১৫ জুন, ২০২৬: উদয়পুরের গর্জি এলাকায় এক বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ উঠেছে তিপ্রা মথার সংখ্যালঘু সেলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। আক্রান্তের নাম রাজু দে।
রবিবার সন্ধ্যা রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, কাজ সেরে ফেরার পথে রাজু দে-কে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে দাতারাম মায়াপুরী এলাকার এক নির্জন স্থানে মারধর করা হয় এবং তাঁর কাছ থেকে সোনার চেইন ছিনতাই করা হয়।
স্থানীয়দের খবরের ভিত্তিতে গর্জি ফাঁড়ি থানা পুলিশ দ্রুত তৎপর হয়ে প্রায় দুই ঘণ্টা পর তাঁকে উদ্ধার করে। ঘটনার জেরে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ তদন্ত শুরু করেছে। আক্রান্তের দাবি, পূর্ববর্তী রাজনৈতিক সংঘর্ষের জেরেই এই হামলা চালানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।







