প্রগতি ত্রিপুরা, ১৩ জুন, ২০২৬: আগরতলা শহরে দুই ভণ্ড সাধুর প্রতারণার শিকার হলেন এক যুবক। প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কিছু সময় পর অভিযুক্তদের খুঁজে বের করে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেন প্রতারিত যুবক শুভজিৎ রায় চৌধুরী।
ঘটনা সম্পর্কে শুভজিৎ রায় চৌধুরী জানান, উত্তরপ্রদেশের দুই ব্যক্তি সাধুর বেশে রাস্তা দিয়ে যাওয়ার সময় খাবারের জন্য তার কাছে ১০০ টাকা চান। মানবিক কারণে তিনি তাদের ১০০ টাকা দেন। এর বিনিময়ে ওই দুই ব্যক্তি তাকে একটি তাবিজ দেন।
এর কিছুক্ষণ পর ওই তথাকথিত সাধুরা শুভজিৎকে জিজ্ঞাসা করেন তার মানিব্যাগে কত টাকা রয়েছে।
তাদের কথায় বিশ্বাস করে তিনি মানিব্যাগের টাকা দেখালে কৌশলে সেই টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। কিছু সময় পরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপরই তিনি অভিযুক্তদের খুঁজতে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় অনুসন্ধান শুরু করেন।
অবশেষে রবীন্দ্র ভবনের সামনে তাদের শনাক্ত করে আটক করতে সক্ষম হন। পরে সঙ্গে সঙ্গে পশ্চিম থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। জানা গেছে, আটক দুই ব্যক্তির আধার কার্ডে উত্তরপ্রদেশের আগর (Agra) জেলার ঠিকানা রয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রতারণার অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে।







