প্রগতি ত্রিপুরা, ১৩ জুন, ২০২৬: ২৪ ঘণ্টা পরেও থামেনি মনুঘাট টেন্ডার বিতর্ক!!দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, রি-টেন্ডারের দাবিতে সরব কর্মীরা মনুঘাট জোনাল অফিসে বাৎসরিক ডাক (টেন্ডার) প্রক্রিয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের রেশ এখনো অব্যাহত।
গতকাল সংঘটিত এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে এসে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দাবি, নির্ধারিত সময়ে তারা টেন্ডার সংক্রান্ত ফর্ম সংগ্রহ করতে জোনাল অফিসে উপস্থিত হলেও বিভিন্নভাবে তাদের বাধা দেওয়া হয়।
অভিযোগ, ত্রিপ্রা মথার কিছু কর্মী ফর্ম গ্রহণ ও অফিস কক্ষে প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এর জেরেই দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার সময় উপস্থিত বিজেপি কর্মীরা বিষয়টি দায়িত্বপ্রাপ্ত অফিসারের নজরে আনেন।
তবে তাদের অভিযোগ, একাধিকবার জানানো সত্ত্বেও অফিসার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বরং পুরো পরিস্থিতিতে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে দাবি তাদের। বিজেপি কর্মীদের বক্তব্য, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এই ডাক বাতিল করে পুনরায় রি-টেন্ডার আহ্বান করা উচিত।
একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বপ্রাপ্ত অফিসারের ভূমিকা খতিয়ে দেখার দাবিও জানানো হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।







