জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাই ও বোনের মধ্যে ঝামেলা, থানায় মামলা

প্রগতি ত্রিপুরা, ১২ জুন, ২০২৬: থানায় মামলা। দীর্ঘদিনের পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এনসিসি থানাধীন খেজুর বাগান এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার দুই বোনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর, হুমকি এবং দোকানঘরে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলে রাজধানীর এনসিসি থানায় মামলা দায়ের করে ভাই বিপুল দেবনাথ।

মামলা দায়ের করার পর বিপুল দেবনাথ জানান ওনার বোন শিল্পী দেবনাথ কোলকাতা থাকে। সেখান থেকে ফোন করে সে প্রায় সময় মানসিক নির্যাতন চালায়। কয়েকমাস পূর্বে শিল্পী দেবনাথ কোলকাতা থেকে রাজ্যে আসে। তারপর দুই বোন শিল্পী দেবনাথ ও তৃষা দেবনাথ মিলে তার বিরুদ্ধে মহিলা থানায় শ্লীলতাহানীর মামলা দায়ের করে। যার কারনে সে ১৬ দিন জেলে ছিল।

বর্তমানে সে জামিনে রয়েছে। শিল্পী দেবনাথ ও তৃষা দেবনাথকে তাদের মা আগে থেকে জায়গা দিয়ে গেছে। অপরদিকে বিপুল দেবনাথকেও জায়গা দিয়ে গেছে। শিল্পী দেবনাথের দাবি বিপুল যেন তার নামে থাকা সকল জায়গা সম্পত্তি দুই বোনের নামে লিখে দেয়। কিন্তু বিপুল তার নামে থাকা জায়গা সম্পত্তি দিতে নারাজ।

বিপুল দেবনাথ জানিয়েছে দুই বোন শিল্পী ও তৃষা মিলে তার বাড়ি ঘরে ভাংচুর চালিয়েছে। দোকান ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। বর্তমানে সে বাড়ি ছাড়া। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Leave a Comment