প্রগতি ত্রিপুরা, ১০ জুন, ২০২৬: সাব্রুম মহকুমার অন্তর্গত সাতচাঁদ দানো চৌধুরীপাড়ার ৮৫ বছর বয়সী বৃদ্ধ জয় কুমার ত্রিপুরা গত তিন-চার মাস ধরে সরকারি ভাতা না পেয়ে চরম দুর্ভোগের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ভাতা পাওয়ার আশায় তিনি বারবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও এখনো কোনো সমাধান মেলেনি বলে জানান।
বৃদ্ধ জয় কুমার ত্রিপুরার অভিযোগ, সম্প্রতি যাদের নতুন করে ভাতা মঞ্জুর হয়েছে তারা প্রতি মাসের ২ থেকে ৩ তারিখের মধ্যেই নিয়মিত ভাতা পাচ্ছেন। অথচ দীর্ঘদিন ধরে ভাতা প্রাপ্ত পুরোনো উপভোক্তাদের অনেকেই কয়েক মাস ধরে কোনো ভাতা পাচ্ছেন না।
তিনি বলেন, বয়স্ক অবস্থায় জীবিকা নির্বাহের জন্য এই ভাতার ওপরই নির্ভর করতে হয়। কিন্তু কয়েক মাস ধরে ভাতা বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন তিনি। দ্রুত বকেয়া ভাতা প্রদান এবং সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন জয় কুমার ত্রিপুরা। এলাকাবাসীর দাবি, বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের উচিত দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যাতে প্রবীণ উপভোক্তাদের আর দুর্ভোগ পোহাতে না হয়।







